পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে ভারতের প্রধান বিমানবন্দরগুলোতে মঙ্গলবারও আকাশপথে বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাই—এই চার প্রধান শহর থেকে অন্তত ২৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের জেরে গত তিন দিনে ভারতীয় বিমান সংস্থাগুলো মোট ১,১১৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে বাতিল হয়েছে ১০৭ টি উড়ান। এছাড়াও দিল্লিতে ৮০, বেঙ্গালুরুতে ৪২ ও চেন্নাইতে ৩০টি উড়ান বাতিল হয়েছে। দিল্লি বিমানবন্দরের অপারেটর ‘ডায়াল’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, “মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিলম্ব বা পরিচালনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে।”
এদিকে ফ্লাইট বাতিলের জেরে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। বিশেষ করে দুবাই, দোহা, রিয়াদ ও কুয়েতগামী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। অনেকে বিমানবন্দরেই রাত কাটাচ্ছেন, আবার অনেকে জরুরি কাজের জন্য গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক এয়ারলাইনস যাত্রীদের টিকিটের টাকা ফেরত বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার আশ্বাস দিলেও পরিস্থিতির অনিশ্চয়তায় এখনই কোনো চূড়ান্ত সমাধান মিলছে না।




























