পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ প্রেজেসকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তাদের বিরুদ্ধে আর কোনো সামরিক আক্রমণ চালানো হবে না। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে। পরিষদের মতে, যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ না করা হয়, তাহলে সেসব দেশের ওপর ইরানও কোনো হামলা চালাবে না।
প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের সময় প্রতিবেশী দেশগুলোর যে ক্ষতি বা উদ্বেগ তৈরি হয়েছে, তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই দায়িত্বশীল ভূমিকা নেবে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বার্তা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।






























