পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে ময়দানে নামল কংগ্রেস। আগামী ১৬ মার্চ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের জন্য আজ ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এআইসিসি। তালিকায় যেমন রয়েছেন প্রবীণ আইনজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিকরা, তেমনই জায়গা পেয়েছেন আঞ্চলিক স্তরের গুরুত্বপূর্ণ নেতারাও।
কংগ্রেসের প্রকাশিত তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁকে তেলঙ্গানা থেকে প্রার্থী করা হয়েছে। সিংভির পাশাপাশি এই রাজ্য থেকে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান খ্রিস্টান নেতা ক্রিস্টোফার তিলক এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ভেম নরেন্দ্র রেড্ডি। রাজনৈতিক মহলের মতে, দাক্ষিণাত্যের এই রাজ্যে ঘর গোছাতে এই তিন হেভিওয়েট প্রার্থীর ওপরই ভরসা রাখছে হাইকম্যান্ড।
তেলঙ্গানার পাশাপাশি আরও তিনটি রাজ্যে নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে কংগ্রেস। ছত্তিসগঢ়ের আদিবাসী নেত্রী তথা বর্তমান সাংসদ ফুলোদেবী নীতম-এর ওপরেই পুনরায় আস্থা রেখেছে দল। হিমাচল প্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে তরুণ নেতা অনুরাগ শর্মা-কে। তফশিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে হরিয়ানা থেকে টিকিট পেয়েছেন করমবীর সিং বৌধ।




























