
পুবের কলম,নয়াদিল্লি:
এক ব্যক্তি দীর্ঘদিন আলাদা থাকার পরেও স্ত্রী ও সন্তানের ভরণপোষণের টাকা দিচ্ছিলেন না। এই পরিস্থিতিতে তাঁর বেতন থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা কেটে স্ত্রীর ব্যাঙ্কে পাঠানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানায়, ওই ব্যক্তি ২০২২ সাল থেকে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছেন। কিন্তু এতদিনেও তিনি স্ত্রী বা সন্তানের জন্য কোনো ভরণপোষণ দেননি। আদালত জানায়, দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান আছে। শিশুটিকে একাই বড় করছেন মা। আদালতের পর্যবেক্ষণ, গত চার বছরে বাবা সন্তানের খোঁজও নেননি এবং তার খরচেও কোনো সাহায্য করেননি। এর আগে আদালত স্বামী-স্ত্রীকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছিল। সেই সময় স্ত্রী ও সন্তানের যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু স্বামী সেই নির্দেশও মানেননি।
শুনানির সময় জানা যায়, ২০২৪ সালে একটি নিম্ন আদালতও স্ত্রীর জন্য অন্তর্বর্তী ভরণপোষণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই টাকাও তিনি দেননি। ফলে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বকেয়া জমে যায়।
স্বামী আদালতে জানান, তাঁর মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা এবং আর্থিক সমস্যার কারণে তিনি টাকা দিতে পারছেন না। কিন্তু আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে শেষ পর্যন্ত তাঁর কর্মস্থলকে নির্দেশ দেয়, প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন থেকে কেটে সরাসরি স্ত্রীর ব্যাঙ্কে পাঠাতে হবে। এই নির্দেশ মানা হচ্ছে কি না, তা জানাতে আগামী এপ্রিল মাসে আবার মামলার শুনানি হবে।


























