পুবের কলম ওয়েবডেস্ক: আরও শক্তি অর্জন করে মঙ্গলবার যে কোন সময় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এদিকে সাগর উত্তাল থাকায় সেন্টমাটিনে আটকা পড়া চার শতাধিক পর্যটককে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে জাহাজের মালিক ও জেলা প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতরের আধিকারিকরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। কক্সবাজার, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন সেন্ট মার্টিনে সকাল থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। উত্তাল জোয়ারের জলেতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বেলা দুটো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।































