পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিহত করতে দেশ জুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। দেওয়া হচ্ছে টিকার দুটি করে ডোজ। টিকা নেওয়ার জন্য উৎসাহিতও করা হচ্ছে।
তবে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা নাকি পেয়েছেন টিকার মোট পাঁচটি ডোজ।বাকি রয়েছে ষষ্ঠ ডোজ। এমন অবাক কান্ডই ঘটেছে উত্তরপ্রদেশের সারধানা এলাকায়।
মে মাসেই করোনার দ্বিতীয় টিকার ডোজ নিয়ে ফেলেছিলেন উত্তরপ্রদেশের সারধানা এলাকার বিজেপির বুথ সভাপতি রামপাল সিং। কিন্তু সেই সময় তিনি সেই সময় শংসাপত্র ডাউনলোড করেননি। এরপর এক সহকর্মীর পরামর্শ মেনে তিনি ডাউনলোড করতে যান শংসাপত্র। কারণ এখন কোথাও যেতে গেলেই প্রয়োজন হচ্ছে করোনার টিকাকরণের শংসাপত্র।
কিন্তু শংসাপত্র ডাউনলোড করার পর দেখা যায় রামপাল করোনার টিকা নিয়েছেন মোট পাঁচটি। এখনও বাকি রয়েছে ষষ্ঠ ডোজ।
হিন্দু যুব বাহিনীর সদস্য ওই নেতা জানিয়েছেন, তিনি গত ১৬ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নেন এবং ৮ মে দ্বিতীয় ডোজ নেন। সম্প্রতি টিকা সার্টিফিকেট ডাউনলোড করতেই দেখেন, ইতিমধ্যেই করোনা টিকার পাঁচটি ডোজ দেওয়া হয়েছে তাঁকে এবং আগামী ডিসেম্বরে তিনি ষষ্ঠ ডোজ নেবেন। এটা চক্রান্ত বলেই দাবি করেছেন ওই বিজেপি নেতা। কর্তব্যে গাফিলতির অভিযোগও দায়ের করেছেন তিনি । ১৫ মে তৃতীয় ডোজ এবং গত ১৫ সেপ্টেম্বর চতুর্থ ও পঞ্চম ডোজ নিয়েছেন, শংসাপত্রে এমনটাই দেখাচ্ছে তাঁর শংসাপত্র।



























