পুবের কলম, ওয়েবডেস্কঃ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায়, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইন নিয়ে রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে। অভিযুক্তের বিরুদ্ধে কর্ণাটক কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইমস অ্যাক্টের (কেসিওসিএ) অধীনে অভিযোগ খারিজ করে কর্ণাটক হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় গৌরী লঙ্কেশের বোন চিত্র নির্মাতা কবিতা লঙ্কেশ।
এই মামলায় দুপক্ষের আইনজীবীর বিস্তারিত বক্তব্য শোনার পর বিচারপতি দীনেশ মহেশ্বরী ও সি টি রবিকুমার দ্বয়ের ডিভিশন বেঞ্চ গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে রায়দান আদেশ স্থগিত রাখেন। সুপ্রিম কোর্টে আবেদনকারীদের আর্জি ছিল হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহন নায়ক মূল আসামী আমল কালের নেতৃত্বাধীন সংঘটিত অপরাধের অংশ ছিলেন। মোহন নায়েক একজন মামুলি অপরাধী নয়। তাই কেসিওসিএ-এর অধীনে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হোক।
২০১৭ সালে ৫ সেপ্টেম্বর খুন হন গৌরী লঙ্কেশ। নিজের বাড়িতেই গুলি করে হত্যা করা হয় সাংবাদিক তথা গেরুয়া শিবিরের কট্টর সমালোচক গৌরী লঙ্কেশকে। এই মামলায় উপকূলবর্তী দক্ষিণ কন্নড় জেলার সুলিয়া থেকে গ্রেফতার করা হয় ৫০ বছর বয়সী মোহন নায়েককে।
চার বছর ধরে চলা এই মামলায় ১৮ জন অভিযুক্ত, ১০ হাজার পৃষ্ঠার বেশি চারটি চার্জশিট, ১৭ জন গ্রেফতার হয়েছে। এত কিছুর পরেও এখনও সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলার বিচার শুরু হয়নি।
উল্লেখ্য, ইতিমধ্যেই সিট-এর তদন্ত অনুযায়ী ড.নরেন্দ্র দাভলকর, গোবিন্দ পানসারে, ড. এম এম কালবুর্গি, প্রফেসর ভগবান হত্যাকাণ্ডে জড়িত ছিল একই সংঘটিত অপরাধ চক্র। গত ১০ বছরে সংঘটিত অপরাধের বিরুদ্ধে মাত্র দুটি চার্জশিট গঠিত হয়েছে।




























