পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণ আগামী শনিবার। তার আগে ভোটগণনা নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে, রাজ্যের কোনও সরকারি এবং সরকারপোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোটগণনার সময়ে ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে নিয়োগ করা যাবে না। স্থায়ী কিংবা অস্থায়ী, যে কোনও শিক্ষকের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।
‘কাউন্টিং এজেন্ট’ হল তাঁরাই যারা প্রার্থীর প্রতিনিধি হিসাবে গণনা কেন্দ্রে পর্যবেক্ষণের কাজ করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটগণনার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এবং নির্দেশে, প্রার্থীদের উপস্থিতিতে গণনার কাজ চলে। কিন্তু একইসঙ্গে একাধিক কেন্দ্রে গণনা হওয়ায় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ‘কাউন্টিং এজেন্ট’ নিয়োগ করে। এজেন্টকে গণনার নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়।
সাধারণত শুধু শিক্ষক নয় কোনও সরকারি কর্মচারীকেই কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যায় না। এই কাজে কোনও সরকারি কর্মী থাকলে, তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তা সত্ত্বেও কোথাও কোথাও শিক্ষকদের দিয়ে এই কাজ করানো হত বলে অভিযোগ। কমিশন নতুন নির্দেশিকা জারি করে সেই বিষয়টি তাই আরও এক বার স্পষ্ট করে দিল।
এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় দেশ জুড়ে ভোট গ্রহণ হয়। ইতিমধ্যে ছ’দফার ভোট পর্ব শেষ হয়েছে। আগামী শনিবার ভোট পার্বণীর সপ্তম তথা শেষ দফা। ৪ জুন মঙ্গলবার দেশ জুড়ে ভোট গণনা হবে। সেদিনই জানা যাবে জনতার রায়।




























