পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় ফের ডাকাতির ঘটনা ঘটল। এবার দক্ষিণ কলকাতা। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব ম্যুর অ্যাভিনিউতে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রৌঢ়া গৃহকর্ত্রী বাইরে থেকে বাড়ি তার উপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুঠ। লুঠপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না, নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। প্রায় তিন থেকে চার লক্ষ টাকা মূল্যের গয়না লুঠ করা হয় বলে পরিবারের দাবি। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশের অনুমান ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল দুষ্কৃতী।
ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। তারপরই এই লুঠের ঘটনা। ডাকাতির নেপথ্যে পরিচিত কেউ জড়িত বলেই মনে করছে পুলিশ। একই সন্দেহ ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যদের। না হলে কী করে জানবে কেউ যে বাড়িতে গয়না রাখা আছে!
কলকাতায় একের পর এক ডাকাতির ঘটনায় ফের প্রশ্নে শহরের নিরাপত্তা। এরপূর্বে সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতি ঘটনা ঘটে দিন তিনেক আগে। তারপরেই দমদমের ৭নং ওয়ার্ডের নলতা স্কুল বাড়ি রোডে ঘটে ভয়াবহ ডাকাতি। সেখানে গয়না, টাকা-কড়ি কিছুই বাদ রাখে নি ডাকাত দল। জানালা ভেঙে ঢুকে সব লুঠ করে চম্পট দেয়। প্রতেকবারই টার্গেট প্রৌঢ় ও বয়স্করা। তবে রিজেন্ট পার্ক এলাকায় লুঠের ঘটনা আরও দুঃসাহসিক। কারণ, যেখানে ঘটেছে তার নাকের ডগায় রয়েছে থানা।


































