পুবের কলম, ওয়েব ডেস্কঃ দীর্ঘ এক দশক পর সউদি আরবের উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ফের ইরানি হজযাত্রী পরিবহন শুরু করেছে। সউদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সউদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, গত শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ফ্লাইনাস ইরানি হজযাত্রীদের পরিবহন শুরু করেছে। একইসঙ্গে ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু করা হবে। এর মাধ্যমে ৩৫ হাজারের বেশি ইরানি হজযাত্রী সউদি আরবে হজ পালনের জন্য যাত্রা করতে পারবেন।
ফ্লাইনাস মূলত সউদি আরব-ভিত্তিক একটি স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। সউদি কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই ফ্লাইটগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং বিশেষভাবে হজযাত্রীদের পরিবহনের জন্যই পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা ইতোমধ্যে সউদি আরবে আসা শুরু করেছেন।
২০১৬ সালে শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ইরানে সউদি দূতাবাসে হামলার জেরে ইরান ও সউদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর ফলস্বরূপ, সেই বছর কোনও ইরানি হজযাত্রীকে সউদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও, তারা কেবল ইরানের চার্টার্ড ফ্লাইটে করেই সউদি আরবে প্রবেশ করতে পারতেন।
তবে, চিনের মধ্যস্থতায় ২০২৩ সালের মার্চ মাসে ইরান ও সউদি আরবের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে ফ্লাইনাসের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে আরও একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।



























