ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্পবিরোধী স্লোগান দেন। ‘উই আর অল ডিসি’ শীর্ষক মিছিলে অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরাও যোগ দেন। তাঁদের দাবি, রাজধানী থেকে ফেডারেল বাহিনী প্রত্যাহার করতে হবে এবং ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে। বিক্ষোভে ভেসে ওঠে নানা পোস্টার— “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।
বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন একনায়কতান্ত্রিক কায়দায় দমননীতি চালাচ্ছে। ডিসির মতো শিকাগোতেও অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে, যা ঘিরে নতুন করে প্রতিবাদ শুরু হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, “আজ যদি মানুষ চুপ থাকে, কাল একই দমননীতি অন্যত্র ছড়িয়ে পড়বে।”
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ম্যাসাচুসেটসে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যে জানা যায়, ‘প্যাট্রিয়ট ২.০’ নামে অভিযানে আইসিই এজেন্টরা মূলত অপরাধে জড়িত বিদেশিদের নিশানা করছে। গত মে মাসের অভিযানে এক হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও বড়সড় অভিযানের ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।


















