পুবের কলম ওয়েবডেস্ক: মায়ানমার ও উত্তর কোরিয়ার মধ্যকার অস্ত্র বাণিজ্য রুখতে বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে দুই দেশের পাঁচ কর্মকর্তা ও এক প্রতিষ্ঠানকে। অভিযোগ, মিয়ানমারের সামরিক কর্মকর্তারা উত্তর কোরিয়ার কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র আমদানি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি। এ নেটওয়ার্ক ভেঙে দিতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।নিষেধাজ্ঞার আওতায় এসেছে মায়ানমারের রয়্যাল শিউন লেই কোম্পানি লিমিটেড, এর পরিচালক অউং কো কো উ, শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও সিইও তিন মিও অউং। এ ছাড়া উত্তর কোরিয়ার কোমিড কোম্পানির উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মায়ানমারের সামরিক সরকার জনগণের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দাবি, নতুন পদক্ষেপে মিয়ানমারের অস্ত্র কেনার প্রক্রিয়া ব্যাহত হবে এবং উত্তর কোরিয়ার তহবিল প্রবাহ বন্ধ হয়ে যাবে।




























