ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার গভীর রাতে রাজধানী কিয়েভসহ দেশজুড়ে ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে সরাসরি আঘাত হানায় নিহত হয়েছেন অন্তত ১১ জন, আহত হয়েছেন বহু মানুষ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। রাতভর কিয়েভসহ অন্তত ২৫টি স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর মিলেছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানিয়েছেন, পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পুনরুদ্ধারের কাজ চলছে।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯টি এবং ড্রোনের ৪০৬টি ভূপাতিত করা হয়েছে। তবে রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিল কেবল সামরিক ঘাঁটি।






























