পুবের কলম, ওয়েবডেস্ক: সৌদির বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার শোক প্রকাশ তিনি বলেন, ভারতীয় ওমরাহ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সাথে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হায়দরাবাদের বাসিন্দা। যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্রের খবর, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। ভারতীয় সময় রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার। দলটি মক্কায় উমরাহ আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল। সেই সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধারকারীরা জানিয়েছে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আশ্বস্ত করে বলেছেন, যে রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে পূর্ণ সহায়তা দিচ্ছে। ইতিমধ্যে হেল্পলাইন চালু করা হয়েছে।




























