পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। তাদের দাবি, এত বড় উদ্যোগের পরও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তত ৫ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। এ অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।
ADR-এর অভিযোগ, SIR প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, আবার বহু অবৈধ নাম শনাক্ত করাই সম্ভব হয়নি। যদিও শীর্ষ আদালতই আগেই SIR চালুর অনুমতি দিয়েছিল, বিরোধিতা সত্ত্বেও। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ADR-এর আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ভুয়ো ভোটার বাদ দেওয়ার মূল উদ্দেশ্যই পূরণ হয়নি। আদালতও অভিযোগকে গুরুতর বলে মন্তব্য করে নির্বাচন কমিশনকে জবাবের নির্দেশ দিয়েছে। ADR-এর দাবি সঠিক হলে, ভোটার তালিকা স্বচ্ছ করার পুরো প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়বে।



























