পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় আইনি স্বস্তি ‘কালীঘাটের কাকু’-র। কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এদিন সিবিআইয়ের গ্রেফতারিতে ‘কালীঘাটের কাকু’-র জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। জামিন মঞ্জুরের পাশাপাশি একাধিক শর্ত আরোপ করেছে হাইকোর্ট। এর আগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েকমাস অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন ‘কালীঘাটের কাকু’।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন ‘কালীঘাটের কাকু’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেন প্রায় সবই জানা ছিল তাঁর। কীভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হবে, অযোগ্য প্রার্থীদের তালিকা কোন কোন জায়গায় পাঠাতে হবে, সেই পরিকল্পনা করতে সুজয়কৃষ্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতেন। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ রাখতেন তিনি। সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করে এদিন হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।






























