পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি দাঙ্গার মামলায় সুপ্রিম কোর্ট জামিন নাকচ করার পর কারাবন্দি সমাজকর্মী উমর খালিদের সমর্থনে বুধবার একটি সংক্ষিপ্ত কবিতা শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এক্স-এ করা পোস্টে কবিতাটির শিরোনাম ছিল— “তুমি উঠবে, উমর খালিদ”। কবিতায় মহুয়া মৈত্র লেখেন, “তোমরা আমাকে ইতিহাসে লিখে রাখতে পারো তোমাদের তিক্ত ও বিকৃত মিথ্যাচার দিয়ে, তোমরা আমাকে মাটিতে পদদলিত করতে পারো, তবুও ধুলোর মতো আমি উঠব… তোমরা শব্দ দিয়ে আমাকে গুলি করতে পারো, চোখের দৃষ্টিতে আমাকে আঘাত করতে পারো, ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো, তবুও বাতাসের মতো আমি উঠব।”
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার কথিত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে। তবে একই মামলায় গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মোহাম্মদ সেলিম খান ও শাদাব আহমেদের জামিন মঞ্জুর করা হয়। এদিকে, জামিন নাকচের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) কিছু ছাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বলে অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতারা তীব্র সমালোচনা করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, “শারজিল ইমামের উত্তরসূরিরা জেএনইউতেই জন্ম নিয়েছে।” তিনি দাবি করেন, “দেশ ভাঙার ভাষায় কথা বলা এবং দেশদ্রোহীদের পাশে দাঁড়ানো এই ধরনের কুটিল উদ্দেশ্যকে আমরা চূর্ণ করব।” সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফড়ণবিস বলেন, “জেএনইউতে শরজিল ইমামের সন্তানদের জন্ম হয়েছে। যারা দেশের শত্রুদের সঙ্গে দাঁড়ায়, যারা দেশ ভাঙার ভাষায় কথা বলে, সেই সব কুটিল উদ্দেশ্যকে আমরা নিশ্চিহ্ন করব।”




























