পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ব রাজনীতিতে উপহার বলতে এতদিন ফুল, বই বা স্মারকই চল ছিল। কিন্তু সেই তালিকায় এবার ঢুকে পড়ল একেবারে নোবেল শান্তি পুরস্কার! নোবেল কমিটির স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারই ‘উপহার’ হিসেবে তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। হোয়াইট হাউসে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই প্রকাশ্যে আসে সেই ছবি। হোয়াইট হাউস জানায়, আপাতত ট্রাম্পের অফিসেই থাকবে ওই পুরস্কার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—নোবেল কি এখন স্মারক দোকানের জিনিস? মারিয়ার ব্যাখ্যা অবশ্য বেশ কূটনৈতিক। তাঁর দাবি, ভেনেজুয়েলায় ‘স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি’ রাখার জন্যই এই বিশেষ উপহার। ট্রাম্পও খুশি। বললেন, “ও খুব দারুণ মানুষ। পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন এটা।” রাজনৈতিক মহলের কটাক্ষ—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদের স্বপ্ন দেখতেই কি নোবেল পৌঁছে গেল ট্রাম্পের ডেস্কে? শান্তির পুরস্কার এখন যে বেশ অশান্ত বিতর্কের কেন্দ্রে, তা বলাই বাহুল্য।





























