পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সিলেন্স (SMVDIME)-এ এমবিবিএস (MBBS) কোর্সের অনুমতি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠল। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়ে জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব পেশ করেছেন শাসক দল ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক তানভীর সাদিক।
ন্যূনতম মান বজায় না রাখা, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, ক্লিনিক্যাল ম্যাটেরিয়ালের ঘাটতি এবং শিক্ষক বা ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যার সমস্যার কথা উল্লেখ করে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) এই কলেজের ‘লেটার অফ পারমিশন’ বা অনুমোদনের চিঠিটি বাতিল করে দিয়েছে।
বিধায়ক তানভীর সাদিক তাঁর ‘প্রাইভেট মেম্বার’ রেজোলিউশনে জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার এবং এনএমসি-র উচিত অবিলম্বে এই সিদ্ধান্ত খতিয়ে দেখা। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মীরের মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসাক্ষেত্রে উচ্চশিক্ষার চাহিদা মেটাতেই বিপুল জনস্বার্থ ও সরকারি অর্থ ব্যয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। যদি কোনো খামতি থেকেও থাকে, তবে সরাসরি অনুমতি বাতিল না করে কর্তৃপক্ষকে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল।
উল্লেখ্য, এই মেডিক্যাল কলেজে বিপুল সংখ্যক অহিন্দু প্রার্থীর ভর্তির বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কিছু দক্ষিণপন্থী সংগঠন প্রতিবাদে সরব হয়েছিল। সেই বিতর্কের আবহেই এনএমসি-র পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।




























