ওয়াহিদ রেজা, মুর্শিদাবাদ: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র অজুহাতে সাধারণ মানুষকে হেনস্থা করার প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। সোমবার এই হয়রানি অবিলম্বে বন্ধের দাবিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সকল বিধায়কদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলাশাসকের নিকট একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করা হয়েছে যেখানে ভোটারদের সুবিধার্থে একাধিক দাবি জানানো হয়েছে। এই স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে সাধারণ ভোটারদের অযথা ব্লক অফিসে ডেকে হয়রানি করা চলবে না। পরিবর্তে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার কার্যালয়গুলোতে স্বচ্ছ ও ন্যায্য শুনানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি শুনানির জন্য যথাযথ কারণ ও প্রয়োজনীয় নথিপত্রের উল্লেখসহ স্পষ্ট নোটিশ প্রদান এবং পর্যাপ্ত সময় দেওয়া বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। এছাড়া শুনানির দিন ভোটারদের জমা দেওয়া নথিপত্রের জন্য লিখিত প্রাপ্তিস্বীকার পত্র বা ডকুমেন্ট অ্যাকনলেজমেন্ট দেওয়ার আবেদনও করা হয়েছে। মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে বয়স্ক, গুরুতর অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা এবং সদ্যজাত শিশুর মায়েদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। দাবি করা হয়েছে, তাঁদের সশরীরে হাজির না করিয়ে পরিবারের কোনও প্রতিনিধিকে শুনানিতে অংশগ্রহণের অনুমতি দিতে হবে। একই সঙ্গে পরিযায়ী শ্রমিক এবং বাইরে কর্মরত বা পাঠরত নাগরিকদের জন্য অনলাইন শুনানির ব্যবস্থা অথবা প্রতিনিধির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রতিটি শুনানি ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় পর্যাপ্ত সংখ্যক হিয়ারিং ক্যাম্পের আয়োজন করতে হবে যাতে সাধারণ মানুষকে মাইলের পর মাইল পথ পেরিয়ে ব্লক অফিসে আসতে না হয়। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং অযথা ভোগান্তি এড়াতে এই দাবিগুলো দ্রুত বিবেচনার আশ্বাস চেয়েছে নেতৃত্ব। সাংসদ খলিলুর রহমানের সঙ্গে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান বিধায়ক আমিরুল ইসলাম, কানাই মন্ডলসহ তৃণমূল নেতৃত্ব।































