পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় আমেরিকার মদতে ইজরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে উত্তাল কাশ্মীর। এই আবহে উপত্যকার মানুষের আবেগকে সমর্থন জানানো এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় শ্রীনগরের লোকসভা সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। খামেনিকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরের সাংসদ এবং শহরের প্রাক্তন মেয়র জুনায়েদ আজিম মাট্টুর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জনমানসে ভীতি তৈরি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “ভুল তথ্য ছড়ানোর এই ইচ্ছাকৃত প্রচেষ্টা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।” সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা এবং রাষ্ট্রবিরোধী অপরাধে প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
সাংসদ রুহুল্লাহ মেহদি গত সোমবার কাশ্মীরে খামেনি হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভের কিছু ভিডিয়ো আপলোড করেছিলেন। সেখানে এক মহিলা বিক্ষোভকারীকে নিরাপত্তা কর্মীদের হাতে নিগৃহীত হতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এই ভিডিওগুলি শেয়ার করার অভিযোগে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও রুহুল্লাহ মেহদি সাফ বলেছেন, এই এফআইআর তাঁকে নীরব করতে পারবে না।




























