ইরান যুদ্ধ বন্ধের জন্য সমঝোতার আবেদন জানিয়ে বারবার যোগাযোগ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তবুও ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি। এমনকি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, সেই নির্বাচনেও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম একিওসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি বর্তমানে ভয়াবহ দুর্বল অবস্থায় রয়েছে। তিনি বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন তাদের কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। তাদের অধিকাংশ বিমান ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র এবং নিক্ষেপযন্ত্রের প্রায় ৬০ থেকে ৬৪ শতাংশ ইতিমধ্যে ধ্বংস হয়েছে। শত্রু হিসেবে ইরান শক্তিশালী হলেও বর্তমানে তারা দিশেহারা হয়ে সমঝোতার জন্য যোগাযোগ করছে। তবে কিছুটা তাচ্ছিল্যের সুরে ট্রাম্প বলেন, তিনি তাদের জানিয়েছেন যে তারা অনেক দেরি করে ফেলেছে। এখন যুক্তরাষ্ট্র তাদের চেয়েও বেশি যুদ্ধ চালিয়ে যেতে চায়।
এদিকে যুদ্ধ ও সমঝোতার আলোচনার বাইরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও নজিরবিহীন হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্ধারণে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা থাকা উচিত। তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা না করে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করে, তবে তা হবে সম্পূর্ণ সময়ের অপচয়।
খামেনির মেজো ছেলে মোজতাবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে ভাবা হচ্ছে— এমন প্রসঙ্গ তুলে ট্রাম্প সাফ জানিয়ে দেন, মোজতাবাকে নেতা হিসেবে নির্বাচিত করা হলে তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না।
০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ করল ইরান
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ৬ মার্চ ২০২৬, শুক্রবার
- 21
ট্যাগ :
সর্বধিক পাঠিত


























