মদ্যপানে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। ICRIER এবং PLR চেম্বার্সের যৌথ সমীক্ষা সে কথাই বলছে। যে তিনটে খাত থেকে রাজ্যে সবথেকে বেশি টাকা আদায় হয় তার মধ্যে অন্যতম হল মদ।বুধবার এই মদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করলেন সমাজকর্মী মেধা পাটকর। তিনি মমতার কাছে জানতে চান নির্বাচনী এজেন্ডায় মদ বিক্রি বন্ধের চেষ্টা করবেন কি?’
এছাড়া কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশীয় সংস্থা বিক্রি করে দেওয়ারও অভিযোগ করেন মেধা পাটকর । তাঁর কথায় সহমত জানান মমতা । কেন্দ্রের মোদী সরকারকে তোপ দেগে তিনি বলেন, “যেতে যেতে ওরা সমস্ত কিছু বেছে দেবে।”
সমাজকর্মী অভিযোগ করেন, “বহু রাজ্য সরকার মদ বেচে পয়সা রোজগার করে।গান্ধীজি যাকে ‘পাপের পয়সা’ বলতেন। পরবর্তী নির্বাচনে এটা কি আপনার নির্বাচনী এজেন্ডায় থাকবে। আপনি মহিলাদের নেত্রী। যদি এটা আপনি করেন তবে, তা মহিলাদের জন্য অত্যন্ত ভাল পদক্ষেপ হবে। কারণ এতে বহু মহিলার জীবন নষ্ট হয়েছে।” সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ১.৪ কোটি মানুষ মদ খান। ১৬ নভেম্বর রাজ্যে বিদেশি মদের দাম কমেছে।
দেশজুড়ে মদ্য পানের প্রবণতা বেড়েছে।আগে নাগরিক জীবনে সুরাপায়ীদের সংখ্যা বেশি ছিল। সেখানকার মহিলাদের মধ্যেও সুরাপায়ীদের সংখ্যা গ্রামের মহিলাদের তুলনায় বেশি ছিল।কিন্তু বর্তমানে গাঁয়ের মেয়েরা সুরাপানে ছাড়িয়ে যাচ্ছে সুরে মেয়েদের। সাম্প্রতিক একটি সমীক্ষা সেদিকে ইঙ্গিত করেছে।



















