পুবের কলম, ওয়েবডেস্কঃ লোহিত সাগরে প্রবেশ করেছে একটি ইজরায়েলি সাবমেরিন। যা নিয়ে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে।
সাবমেরিনটি বাবুল মান্দেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে ইজরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে গত বুধবার ৪ আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইজরায়েলের দুটি ডেস্ট্রয়ারও একইদিন সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডেস্ট্রয়ার দুটি ইজরাইলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।।ওমান সাগরের উপকূলে ইজরাইলি মালিকানাধীন একটি ট্যাংকারে হামলার পর তেল আবিভ এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইজরায়েলে ও তার পশ্চিমা মিত্র শক্তি ব্রিটেন এবং আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে।


























