পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এবার ৫জি পরিষেবা চালু করতে চলেছে দেশে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেন, ২০২৪ সালের মধ্যেই বিএসএনএল দেশে ৫জি পরিষেবা চালু করবে।
ওড়িশায় জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন এই তথ্য জানিয়েছেন। এদিন ওড়িশার ভুবনেশ্বর ও কটকে এয়ারটেল ও জিও-র ৫জি পরিষেবা চালু হয়। দেশে সরকারি পরিষেবার চেয়ে বেসরকারি পরিষেবা এগিয়ে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থার চেয়ে অনেকটাই পিছিয়ে। ৫জি পরিষেবার ক্ষেত্রেও সেটিই দেখা গেল। মুকেশ আম্বানির জিও বাজার দখল করার পর তবে ৫জি পরিষেবার ঘোষণা দিল বিএসএনএল। এ নিয়ে সমালোচনায় মুখর নেটিজেনরা।


























