পুবের কলম ওয়েবডেস্কঃ দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশের নির্বাচন। তার আগে রাম মন্দিরের কাজ শেষ করা এখন যোগী সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগেই এসেছে রাজস্থান থেকে বহুমূল্য পাথর এবার এল বিশ্বের ১১৫ টি দেশ থেকে পবিত্র জল। যা গ্রহণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আকবর রোডে রাজনাথ সিংয়ের বাসভবনে বিশ্বের ১১৫ টি দেশের বিভিন্ন নদী, ঝর্না, মহাসাগর থেকে পবিত্র জল এসে পৌঁছায়। শুধু হিন্দুরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই মহৎ কাজে হাত লাগিয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ জল সংগ্রহ করে পাঠিয়েছেন। ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে।
রাজনাথ সংবাদ সংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আরও ৭৭ টি দেশ থেকে আসবে জল। এগুলি দিয়ে রামের জলাভিষেক হবে। ভারতের সর্ব ধর্ম সংহতি এবং বসুধৈব কুটুম্বকম নীতির এটি বহিঃপ্রকাশ বলেই দাবি রাজনাথের।



























