পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণার পরপরই শাসক দল আম আদমি পার্টিতে (আপ) বড় ধাক্কা লাগল। সোমবার সকালে প্রথমে পদত্যাগ এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস কুঁওয়ার বিজয় প্রতাপ সিং। তাঁর সঙ্গে দিল্লিতে বিজেপি সদর দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন রবিবার আপ ছেড়ে আসা আরও দুই সাসপেন্ড হওয়া বিধায়ক—সামানা কেন্দ্রের চেতন সিং জোড়ামাজরা এবং সানৌর কেন্দ্রের হরমিৎ সিং পাঠানমাজরা।
আরও পড়ুন:
দল ছাড়ার পরপরই এক্স-এ ক্ষোভ প্রকাশ করে কুঁওয়ার বিজয় প্রতাপ লেখেন, "সস্তার গলি ও ফিতে কাটার রাজনীতি থেকে উর্ধ্বে উঠে সবাই মিলে এক হয়ে কাজ করার সময় এসেছে।
মাদক, তোলাবাজি, গ্যাংস্টার কালচার এবং দুর্নীতির ফাঁদে আটকে থাকা পাঞ্জাবকে আবার প্রগতিশীল রাজ্যে পরিণত করতে হবে।"আরও পড়ুন:
উল্লেখ্য, দল বিরোধী কার্যকলাপের অভিযোগে এই তিন বিধায়ককেই আগে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু আগামী বছর বিধানসভা ভোটের মুখে এই তিন নেতার বিজেপি শিবিরে পদার্পণ অরবিন্দ কেজরিওয়াল ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দলের প্রশাসনিক ও সাংগঠনিক পরিকল্পনার ওপর বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল।
আরও পড়ুন:
শনিবারই আম আদমি পার্টি ধুরি থেকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কোটকাপুরা থেকে স্পিকার কুলতার সিং সান্ধওয়ান এবং জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরাকে লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করে ৪০ জনের প্রথম তালিকা ঘোষণা করেছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরেই শাসক দলের ভেতরে ক্ষোভের বিস্ফোরণ ঘটল।