পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বর্ধমান রেল স্টেশনে তীব্র বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়ে অবরোধ করেন, যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল এবং চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত নানা জটিলতা ও প্রশাসনিক অসহযোগিতার কারণে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। সেই ক্ষোভ থেকেই তারা রেল অবরোধের পথ বেছে নেন। হঠাৎ এই বিক্ষোভ শুরু হওয়ায় বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বা দেরিতে চলাচল করে, ফলে কর্মস্থলগামী যাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরাও বিপাকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রেল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পৌঁছান। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।



































