পুবের কলম, নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান চুরির অভিযোগে দায়ের হওয়া মামলাগুলি বন্ধ করল দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সুর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পেশ করা চার্জশিটের বক্তব্য নথিভুক্ত করে মামলাটির সমাপ্তি ঘটায়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশেষ তদন্তকারী দল যেহেতু চার্জশিট পেশ করেছে, তাই এখন স্থানীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আইনানুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। প্রধান বিচারপতির বেঞ্চ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দ্বিধায় আইন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।

এর অর্থ হলো, ম্যাজিস্ট্রেট পেশ করা চার্জশিট খতিয়ে দেখবেন, অপরাধের স্বীকৃতি গ্রহণ করবেন, অভিযুক্তদের তলব করবেন এবং অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করবেন।
 
মামলাটিতে জনস্বার্থ জড়িত থাকার বিষয়টি উপলব্ধি করে শীর্ষ আদালত আবেদনকারীদের বিচারপ্রক্রিয়ায় সহায়ক হিসেবে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। অপরাধের শিকার হওয়া ভুক্তভোগীরা যেভাবে ফৌজদারি মামলায় বিচারালয়কে সাহায্য করতে পারেন, আবেদনকারীরাও ঠিক একইভাবে নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে পারবেন। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, অভিযোগের গুণাগুণ বা সত্যতা নিয়ে তারা কোনো নিজস্ব মতামত ব্যক্ত করেনি।
ফলে প্রসিকিউশন বা আত্মপক্ষ সমর্থনকারী ডিফেন্স—কোনো পক্ষই দাবি করতে পারবে না যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে রেখেছে।
 
শুনানি চলাকালীন আদালতের সমক্ষে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর পেশ করা তথ্য থেকে এক চাঞ্চল্যকর সত্য উঠে আসে। গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এসআইটি জানিয়েছিল, রাম মন্দির চত্বরে অনুদান চুরির অন্তত ১০৫টি ঘটনা মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, দেশ ও বিদেশ থেকে রাম মন্দির নির্মাণের জন্য সাধারণ ভক্তদের দান করা শত শত কোটি টাকার সঠিক হিসেব না রেখে ট্রাস্টের দায়িত্বে থাকা ব্যক্তিদের একাংশ তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলে একগুচ্ছ জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যদিও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, বেসরকারি অডিটরদের দিয়ে সমস্ত অনুদানের পুঙ্খানুপুঙ্খ অডিট করানো হয়েছে।