পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূলের সাসপেনশনের পরও নিজের সিদ্ধান্তে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ঘোষণাই রাখলেন, ৬ ডিসেম্বর সংহতি দিবসেই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন তিনি। তৃণমূলের দাবি, হুমায়ুন ধর্মীয় আবেগকে উসকে দিচ্ছেন। ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন,“স্কুল-কলেজও করতে পারতেন, মসজিদ কেন? মানুষকে কি ধর্মান্ধ করে রাখতে চান?” দলের অভিযোগ, বিজেপির মতোই ধর্ম নিয়ে রাজনীতি করছেন হুমায়ুন। ফিরহাদ বলেন, “আমিও মসজিদের মুতওয়াল্লি। তাতে সাম্প্রদায়িকতা নেই। কিন্তু ওনার শিলান্যাস ঘোষণা স্পষ্ট উস্কানি।”
হুমায়ুন অবশ্য জানিয়ে দিয়েছেন, সাসপেনশন তাঁকে দমানো যাবে না। বরং ঘোষণা করেছেন, নতুন দল গড়ে ১৩৫ আসনে প্রার্থী দেবেন। বেলডাঙায় মসজিদের শিলান্যাসও হবে নির্ধারিত দিনেই— এমনটাই তাঁর হুঁশিয়ারি।


































