পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাত বন্ধের কৃতিত্ব আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শাণিয়েছে কংগ্রেস। বিরোধী দলের দাবি, এ নিয়ে ট্রাম্প মোট ৭০ বার একই দাবি করলেন ট্রাম্প।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য বর্ণনা করতে গিয়ে ভারত-পাকিস্তানের সংঘাতসহ বেশ কিছু “অসমাপ্ত যুদ্ধ” থামানোর তালিকা পেশ করেন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেন, গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্যে এবং পরে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প দুবার এই একই দাবি করায় সংখ্যাটি ৬৮ থেকে বেড়ে ৭০-এ দাঁড়িয়েছে। রমেশ উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর “প্রিয় বন্ধু” গত ১০ মে, ২০২৫-এ ‘অপারেশন সিন্দুর’-এর (Operation Sindoor) “আকস্মিক এবং অপ্রত্যাশিত বিরতি”র জন্য এ নিয়ে ৭০ বার নিজের কৃতিত্ব দাবি করলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান “পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়েছিল” এবং তাঁর মতে, এই সংঘাত পরমাণু যুদ্ধে রূপ নিতে পারত। তিনি দাবি করেন, তাঁর হস্তক্ষেপের ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচেছে। ট্রাম্প আরও যোগ করেন যে, গত ১০ মাসে তিনি আটটি “অসমাপ্ত যুদ্ধ” শেষ করেছেন। পরে নোবেল শান্তি পুরস্কার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করেই হয়তো ১০ থেকে ২০ মিলিয়ন মানুষের জীবন রক্ষা করা গেছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত নিয়েও তিনি একই ধরনের দাবি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে গত বছরের ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ওয়াশিংটনের সহায়তায় আলোচনার পর শত্রুতা বন্ধ হয়। তবে ভারত বরাবরই ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে ধারাবাহিকভাবে জানানো হয়েছে যে, পাকিস্তানের সঙ্গে কোনো বিষয়েই তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়া হয়নি।



























