পুবের কলম,ওয়েবডেস্ক: আজ দেশজুড়ে ধর্মঘট পালনের ডাক দিয়েছে বাম সমর্থক-কর্মীরা। যদিও রাজ্যে সেভাবে প্রভাব না পড়লেও জেলায় জেলায় অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একাধিক জায়গায় গ্রেফতার হয়েছে বহু কর্মী-সমর্থকরা।
যাদবপুর
এদিকে ধর্মঘট সমর্থনে মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের গাঙ্গুলি বাগান। বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাঘাযতীন মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিল গাঙ্গুলি বাগান আসতেই বাঁধ সাধে পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি। সৃজন ভট্টাচার্যকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। ধাক্কাধাক্কিতে সৃজনের পরনের শার্ট ছিঁড়ে যায় বলে অভিযোগ। মহিলা সমর্থকদেরও আক্রমণও করা হয়েছে বলে অভিযোগ। সৃজন সহ বেশ কয়েকজন আহত হন। তবে পুলিশের বাধা উপেক্ষাও এগিয়ে যায় মিছিল। কিছু পরেই পুলিশ সৃজন ভট্টাচার্য সহ ১৬ জনকে গ্রেফতার করে তারা।
করুণাময়ী
এদিনের বন্ধকে সমর্থন করে করুণাময়ী মোড়ে পিকেটিং করছিলেন সিপিআইএম কর্মীরা। স্লোগান দিচ্ছিলেন। অভিযোগ, জোর করে সেই শান্তিপূর্ণ পিকেটিং তোলার চেষ্টা করে পুলিশ।সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য বুম্বা মৈত্র জানিয়েছেন, পুলিশ তাঁদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।
যশোর রোড অবরোধ সিপিআইএম কর্মীদের
যাদবপুর, করুণাময়ীর মতো লেকটাউন যশোর রোডে অবরোধ করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। অবরোধ তুলে দিতে নিষেধ করায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কর্মী-সমর্থকরা।
পূর্ব মেদিনীপুরে
পূর্ব মেদিনীপুরেও ধর্মঘট সমর্থনে রাস্তা-রেল অবরোধ করা হয়। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শান্ত পরিবেশে অশান্তি সৃষ্টি করার জন্য গ্রেফতার হয় অনেকে। এদিকে রাস্তা ও রেল অবরোধ করলে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।
জলপাইগুড়ি
ধর্মঘটের সমর্থনে পথে নামা বাম কর্মীদের গ্রেফতার করে। ধর্মঘটের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে জলপাইগুড়িতে।
বাঁকুড়া
বাঁকুড়াতে ব্যাপক বন্ধের প্রভাব পড়েছে। সকাল থেকেই পথে নেমেছে তাঁরা। বিভিন্ন জায়গায় মিছিল-পিকেটিং করছেন । বাঁকুড়া জেলা শাসকের দফতর, স্টেট ব্যাঙ্কের সামনে পিকেটিং করেছেন ধর্মঘটীরা। তাতে শামিল হয়েছেন মুটিয়া শ্রমিকরা। পথে নেই বেসরকারি বাস। অন্যান্য দিনের তুলনায় ফাঁকা রাস্তাঘাটও ।
হুগলি
হুগলির কোন্নগর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়েছে লোকাল ট্রেন।

































