পুবের কলম,ওয়েবডেস্ক: বন্যায় ভয়াবহ পরিস্থিতি টেক্সাসে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও বন্যায় নিখোঁজ ও আহতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রাথমিকভাবে ৪১ জনের নিখোঁজের রিপোর্ট দায়ের হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে অন্তত ২৮ জন শিশু রয়েছে। পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে মূল ঘটনাস্থল টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, তার কাউন্টিতে বন্যায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৮ জন শিশু ছিল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মৃতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানান, শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন তিনি।
সোশ্যাল সাইটে তিনি জানান, যা ঘটেছে তা ভয়াবহ। একেবারেই ভয়াবহ। তাই আমরা বলি, ঈশ্বর সকল মানুষকে আশীর্বাদ করুন যারা এতোকিছুর মধ্য দিয়ে গিয়েছেন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেক্সাসের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।অতি মাত্রায় বৃষ্টিপাতের জন্য উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে বলে দাবি। বন্যায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে টেক্সাসের হিল কাউন্টির। একাধিক শহর, বাড়িঘর, রাস্তাঘাট ভেসে গিয়েছে জলের তোড়ে।































