পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লিতে ছবির প্রদর্শনী ঘিরে বিতর্কের মধ্যেই শিল্পী রাইহান বঢরার পাশে দাঁড়ালেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। দিল্লির সরকারি প্রদর্শনীকেন্দ্র বিকানের হাউসে তাঁর ছবির প্রদর্শনীতে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর কেরলে সেই প্রদর্শনীর আয়োজন করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছেলে রাইহানের এই ঘটনা ঘিরে শিল্পের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

রাইহানের ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ শীর্ষক প্রদর্শনীতে দিল্লির যুব আন্দোলনের ছবি রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, প্রদর্শনী শুরুর কয়েক ঘণ্টা আগে বিকানের হাউসের কর্তৃপক্ষ ৭৫টি ছবি সরিয়ে দেওয়ার কথা জানায়।

ছবিগুলির মধ্যে জাতীয় পতাকা থাকা দু’টি ছবিও ছিল। রাইহান সেগুলি সরাতে রাজি হননি। শেষ পর্যন্ত তাঁর দাবি অনুযায়ী, ৭৪টি ছবি সরানো হয়।

এই ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী ছেলের পাশে দাঁড়িয়ে শিল্পের স্বাধীনতার পক্ষে সরব হয়েছেন। রাইহানের বক্তব্য, দেশের চারপাশে ঘটে চলা ঘটনাগুলি নথিবদ্ধ করাই ছিল তাঁর প্রদর্শনীর উদ্দেশ্য। ক্ষমতাসীনদের আপত্তির কারণে শিল্পকর্ম সরিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।