পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের আজীবন আইনি রক্ষাকবচ প্রদান করার বিষয়টি নিয়ে এবার কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। পদে থাকাকালীন নেওয়া কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না— ২০২৩ সালের এই আইন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। এই রক্ষাকবচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া একটি পিটিশনের প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রের কাছে জবাব তলব করেছে।
অরুণ কুমার আগরওয়াল নামে এক আইনজীবী শীর্ষ আদালতে এই পিটিশন দায়ের করেছেন।

তাঁর অভিযোগ, এই আইনি রক্ষাকবচে কোনও ব্যতিক্রম রাখা হয়নি। ফলে কোনও নির্বাচন কমিশনার যদি এক্তিয়ার বহির্ভূতভাবে বা অসাধু উদ্দেশ্যে কোনও সিদ্ধান্ত নেন, তবে এই আইনের জেরে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া সম্ভব নয়। পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে যে, অতীতেও বহু নির্বাচন কমিশনার কোনও রক্ষাকবচ ছাড়াই সফলভাবে দীর্ঘদিন ধরে দেশের নির্বাচন পরিচালনা করে এসেছেন, তাই এই ধরনের আজীবন রক্ষাকবচের আদৌ কোনও প্রয়োজন নেই। সাম্প্রতিক অতীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে ওঠা প্রবল সমালোচনার আবহে এই পিটিশন তাৎপর্যপূর্ণ।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহানা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসআইআর সংক্রান্ত একাধিক মামলার একত্রিত শুনানি চলছিল। সেই শুনানির মাঝেই আদালত জানতে চায়, ভোটারদের হেনস্থা করার উদ্দেশ্যেই কি এসআইআর করা হয়েছিল? এমনকী, দিল্লিতে নির্বাচন না থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি এসআইআর করানো হল, সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনারদের রক্ষাকবচ নিয়ে কেন্দ্রের কাছে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।