পুবের কলম প্রতিবেদক: নিজের রাজ্য সংস্থার শীর্ষ কর্তার বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা ভারোত্তলক। ঘটনাটি বিহারের। মহিলা সেই ভারোত্তলকের অভিযোগ, শনিবার দুপুরে তিনি যখন পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন সারছিলেন, সেই সময় বিহারের রাজ্য ভারোত্তলক সংস্থার প্রাক্তন প্রধান তাঁর কাছে আসেন ও সেই মহিলা ভারোত্তলককে নিজের ঘরে ডাকেন। আর সেখানেই তাঁর সঙ্গে যৌন নিগ্রহের চেষ্টা করেন সেই কর্তা। সৌভাগ্যক্রমে মহিলা ভারোত্তলক সেখান থেকে বেরিয়ে যান। পরে তিনি থানায় গিয়ে সংস্থার কর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। দেশের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের তোলা অভিযোগের ভিত্তিতে মামলা এখনও বর্তমান। আর ঠিক সেই পরিস্থিতিতেই এবার ভারোত্তলন সংস্থার এমন ঘটনায় রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে। বিহারের ভারোত্তলন সংস্থার এই ঘটনায় এখনও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, মহিলা ভারোত্তলকের অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।
০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :





























