ভারতের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন চমক। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নিয়ে আলোচনা চলাকালীনই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডু কাটজু। তাঁর নতুন দলের নাম ‘ইস্ক করো পার্টি’ (আইকেপি)। দলের মূল স্লোগান— “যুদ্ধ নয়, প্রেম করুন”।
আরও পড়ুন:
দলের নাম প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে মজার উদ্যোগ বা প্রেম প্রচারের প্রচারণা বলে মনে করলেও কাটজু স্পষ্ট জানিয়েছেন, এটি কোনও রসিকতা নয়। তাঁর দাবি, ভারতের গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যেই এই রাজনৈতিক দলের জন্ম।
আরও পড়ুন:
এক্স (সাবেক টুইটার)-এ করা একটি দীর্ঘ পোস্টে কাটজু বলেন, দেশ বর্তমানে দারিদ্র্য, বেকারত্ব, শিশু অপুষ্টি, স্বাস্থ্যসেবার ঘাটতি, শিক্ষার সংকট এবং মূল্যবৃদ্ধির মতো একাধিক সমস্যায় জর্জরিত।
তাঁর মতে, ধর্ম, জাতপাত ও বর্ণের ভিত্তিতে বিভক্ত সমাজে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।তিনি অভিযোগ করেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনেক রাজনৈতিক নেতা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভক্ত করছেন। তাই আইকেপি-র প্রধান লক্ষ্য হবে ধর্ম, জাত ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক ভালোবাসা গড়ে তোলা।
এদিকে, কাটজু সম্প্রতি Mahua Moitra-কে তাঁর নতুন দলে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এই আমন্ত্রণ জানান।
একই সঙ্গে তিনি তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-র বিরুদ্ধে কড়া মন্তব্য করে কাটজু বলেন, শুধুমাত্র কোনও মন্ত্রীর পদত্যাগ দাবি করলেই মূল সমস্যার সমাধান হয় না। উদাহরণ হিসেবে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিকে উল্লেখ করেন এবং প্রশ্ন তোলেন, একজন মন্ত্রী চলে গেলে তাঁর জায়গায় অন্য কেউ আসবেন, তাতে বাস্তব পরিস্থিতির কতটা পরিবর্তন হবে?
রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের নাম ব্যতিক্রমী হলেও কাটজুর বক্তব্যে সামাজিক ঐক্য ও রাজনৈতিক সংস্কারের বার্তা রয়েছে। তবে নতুন এই রাজনৈতিক উদ্যোগ আদৌ কতটা জনসমর্থন পায়, সেদিকেই এখন নজর থাকবে।