পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক আকচাআকচি চরমে। কংগ্রেস সমর্থিত স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব এই পদক্ষেপের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে সরাসরি ‘আরএসএসের দফতর’ বলে আক্রমণ করেন। “নির্বাচন কমিশন কি ঈশ্বর” সওয়াল পাপ্পু যাদবের।
পূর্ণিয়া থেকে নির্বাচিত ছয়বারের সাংসদ পাপ্পু যাদব এদিন বলেন, “বিহার ও বিহারির পরিচয় রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয়, তাও আমরা পিছপা হব না।” তিনি জানান, এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
এর আগেই কংগ্রেস অভিযোগ তোলে, নির্বাচন কমিশনের এই হঠাৎ তৎপরতা লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রমূলক হাতিয়ার। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন, “এই সরকার জনগণকে নরক যন্ত্রণা দিতে অভ্যস্ত। ভোটার তালিকা সংশোধন একটি অশুভ কৌশল।”






























