পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য নির্বাচিত হলেন একজন মুসলিম। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মিশিগান প্রদেশ থেকে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে এই ঐতিহাসিক জয় হাসিল করেছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সইদ। একইসঙ্গে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৪টি আসনে জয়লাভ করে বা এগিয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পের দলকে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে, রিপাবলিকানরা ৪৪টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে।
মিশিগানের বিদায়ী ডেমোক্র্যাট সেনেটর গ্যারি পিটার্সের অবসরের পর এই নীল দুর্গ নিজেদের দখলেই রাখল ডেমোক্রেটিক পার্টি।

তবে আব্দুলের এই লড়াইয়ে দলের অন্দরেই বড় বাধা ছিল। দলের প্রাইমারি নির্বাচনে আব্দুলের কাছে হেরে যাওয়া নেত্রী হ্যালে স্টিভেনস মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগেই রিপাবলিকান প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ‘ঘরের শত্রু’র সেই অন্তর্ঘাত এবং ট্রাম্পের বিপুল প্রচার সত্ত্বেও মিশিগান ছিনিয়ে নিতে ব্যর্থ হয় রিপাবলিকানরা। নির্বাচনে আব্দুল পেয়েছেন ২২ লক্ষ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মাইক পেয়েছেন ২০ লক্ষ ভোট।
৪২ বছর বয়সি আব্দুল মূলত জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন এবং এর আগে তিনি স্বাস্থ্য আধিকারিক পদেও ছিলেন।
তাঁর বাবা মিশর থেকে আমেরিকায় চলে এসেছিলেন এবং আব্দুলের বেড়ে ওঠাও এই মিশিগানেই। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রাক্তন এজেন্ট ছিলেন। নির্বাচনী প্রচারে মাইক অভিযোগ করেছিলেন যে, আব্দুল চরমপন্থার সঙ্গে যুক্ত এবং আমেরিকাকে ঘৃণা করেন। এর পালটা আব্দুল মূলত দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মজীবী পরিবারগুলির দৈনন্দিন খরচ কমানো এবং রাজনীতিতে কর্পোরেট প্রভাব কমানো। পাশাপাশি, গাজা পরিস্থিতি এবং ইজরায়েলকে আমেরিকার সামরিক সাহায্য প্রদান নিয়েও কড়া অবস্থান নিয়েছিলেন তিনি।
ডেমোক্র্যাটদের অনেকেই আশঙ্কা করেছিলেন যে এতে ইহুদি ভোট হাতছাড়া হতে পারে, তবে বিপুল জনসমর্থন সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে।
জয়ের পর সমাজমাধ্যমে মিশিগানবাসীকে ধন্যবাদ জানিয়ে আব্দুল এল-সইদ লেখেন, “আমি মিশিগান প্রদেশের প্রতিনিধিত্ব করব, এটা আমার কাছে চরম সম্মানের। মিশিগান, আমরা একসঙ্গে জিতেছি। এবার আসল কাজ শুরু হবে।” উল্লেখ্য, এর আগে মার্কিন আইনসভার নিম্নকক্ষ 'হাউস'-এ মুসলিম প্রতিনিধি থাকলেও, উচ্চকক্ষ সেনেটে এর আগে কখনও কোনও মুসলিম সদস্য নির্বাচিত হননি।