শিল্পনীতি ঘোষণার ঠিক আগে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা ঘিরে নতুন করে জল্পনা। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল। বৈঠকে রাজ্যে শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলায় শিল্পের সম্ভাবনা যে যথেষ্ট উজ্জ্বল, সেই বার্তাও এদিনের সাক্ষাতে উঠে এসেছে।
আরও পড়ুন:
বুধবার রাতে সাংবাদিক বৈঠকে সজ্জন জিন্দালের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “সজ্জন জিন্দাল দেখা করেছেন। বড় বিনিয়োগ হচ্ছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মেদিনীপুরে পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো হবে।” এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
শুধু শিল্প বিনিয়োগই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও রাজ্যের সঙ্গে কাজ করতে উদ্যোগী হয়েছে জিন্দল গোষ্ঠী। রাজ্য সরকারের নির্ধারিত শর্ত মেনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতালের হার্ট ইউনিট এবং শিশুদের এসএনসিইউয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দিরগুলির সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে পূর্বতন তৃণমূল সরকার প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে বিদেশ সফরে গিয়ে বিনিয়োগ আনার উদ্যোগের কথা জানিয়েছিলেন। তবে বিরোধীদের অভিযোগ, এত আয়োজনের পরেও রাজ্যে প্রত্যাশিত মাত্রায় শিল্পায়ন হয়নি এবং কর্মসংস্থানের সংকট কাটেনি।
আরও পড়ুন:
ক্ষমতায় আসার পর শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে বিজেপি সরকার। তাদের দাবি, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন বিনিয়োগ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই শিল্পনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার শিল্পনীতি ঘোষণার আগে সজ্জন জিন্দালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।