ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আল কায়েদা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পৃক্ততার অভিযোগে পাঁচ রাজ্যে ১০টি স্থানে তল্লাশি চালিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কর্মকর্তারা।
বুধবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাটে একযোগে এই অভিযান চালানো হয়। এনআইএ জানিয়েছে, সন্দেহভাজনদের ও তাদের সহযোগীদের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশির সময় ডিজিটাল ডিভাইস ও নথি জব্দ করা হয়েছে, যা ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।
২০২৩ সালে দায়ের করা এই মামলায় চার বাংলাদেশি নাগরিক- মোহাম্মদ সাজিবমিয়াঁ, মুননা খালিদ আনসারি, আজরুল ইসলাম ও আবদুল লতিফ এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
এনআইএ’র অভিযোগ, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠন আল কায়েদার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বাংলাদেশে অবস্থানরত আল কায়েদা সদস্যদের কাছে অর্থ সংগ্রহ ও পাঠানোর পাশাপাশি ভারতের মুসলিম তরুণদের উসকে দিতেন।
এই মামলায় এনআইএ ২০২৩ সালের ১০ নভেম্বর আহমেদাবাদের একটি বিশেষ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। সূত্র: সিয়াসাত ডেইলি






























