পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের মন্ত্রী সঞ্জীব অরোরার অর্থ পাচার ও জিএসটি ফাঁকি মামলার জল এবার গড়িয়েছে রাজ্যের ব্যবসায়ী মহলে। এই মামলায় নতুন করে পাঞ্জাবের একাধিক ব্যবসায়ী ও শিল্পপতির ডেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তল্লাশি শুরু করতেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে "ব্যবসায়ীদের হেনস্থা" করার গুরুতর অভিযোগ তুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে তোপ দেগেছেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাঞ্জাবের ব্যবসায়ী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে লেখেন, "পাঞ্জাবের হিন্দু ব্যবসায়ীরা হলেন আমাদের রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড। 'রংলা পাঞ্জাব' (উন্নত ও রঙিন পাঞ্জাব) গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য।

"

বিজেপি-কে তীব্র আক্রমণ করে এবং আম আদমি পার্টির পক্ষ থেকে প্রায়শই বিজেপি-কে 'ইডি পার্টি' বলে কটাক্ষ করার ধারা বজায় রেখে ভগবন্ত মান আরও যোগ করেন, "এই 'ইডি পার্টি' কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের হয়রান করতে চাইছে। রাজনৈতিক চাপ সৃষ্টি করে তাঁরা আমাদের ব্যবসায়ীদের জোরপূর্বক নিজেদের দলে (বিজেপি) টানার অপচেষ্টা করছে—যা পাঞ্জাবের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবেন না। আমরা আমাদের ব্যবসায়ীদের পাশে আছি।"

ইডি সূত্রে জানা গেছে, মোবাইল ফোন বিক্রির সাথে যুক্ত আনুমানিক ১০০ কোটি টাকার একটি বিশাল জিএসটি (GST) জালিয়াতি ও অর্থ পাচারের মামলার তদন্তের অংশ হিসেবেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পাঞ্জাবের জলন্ধর ও লুধিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশের বেরেলি এবং নয়ডাসহ মোট ছয়টি ভিন্ন স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। মূলত বড় বড় ডিলার ও ব্যবসায়ীদের অফিস ও বাসভবনে এই হানা দেওয়া হয়।