পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে সরকার বদলের পর থেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হওয়া রাজনৈতিক হিংসার ঘটনাগুলি ফের খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছিল নতুন সরকার। সেই ঘোষণার পর এবার পুরনো মামলার ফাইল খুলে পুনরায় তদন্ত শুরু করল রাজ্য সরকার। একাধিক মামলায় নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে নতুন এফআইআর দায়েরের কাজও চলছে। শুধু তদন্তাধীন মামলাই নয়, যেসব মামলায় ইতিমধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছিল, সেগুলির অনেকগুলিও আবার পর্যালোচনার আওতায় আনা হয়েছে।
তদন্ত সঠিকভাবে হয়েছিল কি না, কোথাও কোনও গাফিলতি ছিল কি না, তা নতুন করে খতিয়ে দেখছে পুলিশ।আরও পড়ুন:
বিধানসভার স্পিকার নির্বাচন চলাকালীন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, অভিযুক্তদের কাউকে রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের নির্বাচনের পরে যেসব নিরীহ তৃণমূল কর্মী ও সমর্থক ঘরছাড়া অবস্থায় রয়েছেন, তাঁদের নিরাপদে ঘরে ফেরানোর দায়িত্ব নেবে সরকার ও বিজেপি। কয়েক দিন আগে রাজ্য পুলিশের তরফে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনর্মূল্যায়ন করতে হবে এবং প্রয়োজন হলে নতুন আইনি পদক্ষেপ নিতে হবে। সেই নির্দেশের পরই একের পর এক মামলায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪৫৮টি মামলায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দায়ের হয়েছে ১৮১টি নতুন এফআইআর। এছাড়াও অন্তত ৫৯টি পুরনো মামলার ফাইল পুনরায় খোলা হয়েছে, যেগুলিতে আগে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছিল। ভবিষ্যতে আরও বহু মামলার নথি ফের খতিয়ে দেখা হতে পারে বলেও জানা গিয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, খুন, ধর্ষণ ও হামলার একাধিক অভিযোগ সামনে এসেছিল। বিরোধীদের দাবি ছিল, বহু মানুষ সেই হিংসার বলি হয়েছিলেন। প্রায় কয়েক হাজার মামলা দায়ের হয়েছিল।