পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের প্রথম মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানী নন্দিনী হরিনাথের একটি শাড়ি এখন যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ২০১৩ সালে মঙ্গলযানকে পৃথিবীর কক্ষপথ থেকে মঙ্গলের পথে পাঠানোর দিন তিনি এই শাড়ি পরেছিলেন।

নন্দিনী সেই অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর মতে, দিনটি ছিল গোটা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।

পরে মঙ্গলযানের সাফল্যের সঙ্গে যুক্ত নারী বিজ্ঞানীদের ছবি বিশ্বজুড়ে আলোচনায় আসে এবং মহাকাশ গবেষণায় নারীদের অবদান নতুন করে সামনে আসে। এই ইতিহাসকে তুলে ধরতেই জাদুঘরের কিউরেটর ম্যাট শিন্ডেল নন্দিনীর সঙ্গে যোগাযোগ করেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, মঙ্গল অভিযানের স্মৃতি হিসেবে ওই শাড়িটিই জাদুঘরে সংরক্ষণ করা হবে।

বর্তমানে শাড়িটি ‘ফিউচারস ইন স্পেস’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। জাদুঘর কর্তৃপক্ষের মতে, এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের সাফল্যের প্রতীক নয়, বিজ্ঞানক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা ও অনুপ্রেরণারও একটি গুরুত্বপূর্ণ স্মারক।