রাজ্যের বিভিন্ন রেলস্টেশন ও সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমীরুল। উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের দাবিতে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন।
আরও পড়ুন:
চিঠিতে সামিরুল ইসলাম উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের রেলস্টেশনগুলি শুধু যাতায়াতের কেন্দ্র নয়, বহু প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের জীবিকার অন্যতম ভরসা। দীর্ঘদিন ধরে এই হকাররা যাত্রীদের বিভিন্ন পরিষেবা দেওয়ার পাশাপাশি নিজেদের পরিবারও চালিয়ে আসছেন।
তাই তাঁদের জীবিকা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন রেলস্টেশন ও আশপাশের এলাকায় কোনও সুস্পষ্ট পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ফলে বহু পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও হকারদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগও বাড়ছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন:
রেলমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সাংসদ তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। প্রথমত, বর্তমান উচ্ছেদ নীতির পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে হবে এবং সেই প্রক্রিয়ায় জনপ্রতিনিধি, স্বীকৃত হকার সংগঠন ও স্থানীয় প্রশাসনকে যুক্ত করতে হবে।
আরও পড়ুন:
দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্ত হকারদের জন্য একটি নির্দিষ্ট ও কার্যকর পুনর্বাসন প্রকল্প তৈরি করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন:
তৃতীয়ত, যথাযথ আইনি প্রক্রিয়া, আগাম নোটিস এবং পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনও ব্যক্তিকে তাঁর জীবিকা থেকে বঞ্চিত করা যাবে না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।