মহেশতলায় বসে আমেরিকার নাগরিকদের টার্গেট করে চলছিল বড়সড় সাইবার প্রতারণা চক্র। মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট এগ্‌জিকিউটিভ সেজে প্রতারণার অভিযোগে ভোররাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলার গ্রিনফিল্ড সিটি আবাসনের একটি ফ্ল্যাটে ভুয়ো কলসেন্টার খুলে এই আন্তর্জাতিক প্রতারণার জাল পাতা হয়েছিল। ধৃতরা নিজেদের মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট কর্মী পরিচয় দিয়ে আমেরিকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর প্রচার করত। কেউ ওই নম্বরে ফোন করলে প্রতারকরা টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার এবং এনি ডেস্কের মতো রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ইনস্টল করাতে বাধ্য করত।

এরপর ভুক্তভোগীদের কম্পিউটার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা হাতিয়ে নেওয়া হত। বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরানো অর্থ কখনও ডিজিটাল ওয়ালেট, কখনও আবার অ্যাপল গিফট কার্ডে রূপান্তর করে নিজেদের দখলে নিত চক্রটি। নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রাখতে প্রতারকরা উন্নতমানের VPN প্রযুক্তি ব্যবহার করত বলেও জানিয়েছে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৫টি ল্যাপটপ, ২টি ওয়াই-ফাই রাউটার, ১২টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ডিজিটাল নথি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র, যার শিকড় আরও গভীরে থাকতে পারে। ধৃতদের জেরা করে চক্রের মূল পান্ডা ও আর্থিক লেনদেনের সূত্র খোঁজার চেষ্টা চলছে।