পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার কোমর বেঁধে ময়দানে নামলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত নথি যাচাই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের তত্ত্বাবধানে নিযুক্ত ২৫০ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রাজ্য নির্বাচন কমিশন দপ্তর সূত্রে জানা গেছে, এই কাজের সুবিধার্থে বিচারকদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। প্রতিটি বিচারকের জন্য আলাদা আইডি থাকবে।
মোবাইল নম্বর ও ওটিপি-র (OTP) মাধ্যমে তারা সিস্টেমে প্রবেশ করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনের বাঁ দিকে থাকবে ভোটারের জমা দেওয়া এনুমারেশন ফর্ম ও নথিপত্র। ডান দিকে থাকবে বিএলও, ইআরও এবং অবজার্ভারদের পেশ করা রিপোর্ট। দুই পক্ষের তথ্য মিলিয়ে দেখার পর বিচারকরা কেবল একটি ‘টিক মার্ক’-এর মাধ্যমে তাঁদের সিদ্ধান্ত জানাবেন। কোনো বিশেষ ক্ষেত্রে মন্তব্য করার জন্য আলাদা কলামও রাখা হয়েছে।