পুবের কলম, ওয়েবডেস্ক: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। শনিবার স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল শেষে বিক্ষোভকারীদের একটি অংশ রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রাথমিকভাবে শান্তিপূর্ণ হলেও পরে মুখোশধারী ‘ব্ল্যাক ব্লক’ গ্রুপ নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে এবং পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে মারধর করছে এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।
টানা এক ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে, বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা লা হর্নাদা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন। এতে ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধেও স্লোগান ওঠে।
রাষ্ট্রপতি শেইনবাউম সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দ্বিমত থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের পথ শান্তিপূর্ণ হওয়া উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও দাবি করেন, এ বিক্ষোভ ডানপন্থী গোষ্ঠীগুলোর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে উসকানি দেওয়া হয়েছে।

































