উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দিঘী :
এস আই আর সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় রায়দিঘীর এক বুথ লেভেল অফিসার । দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু’নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের বি এল ও মাহবুব রহমান মোল্লা (৫২) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গিয়েছে, মাহবুব রহমান মোল্লা মথুরাপুর ২ নম্বর ব্লকের চাঁদপাশা এলাকার ১১০ নম্বর বুথের বি এল ও হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি নিজের বুথে একাধিক শুনানির নোটিশ বিলি ও সংশ্লিষ্ট কাজের চাপে তিনি প্রবল মানসিক উদ্বেগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি।আর সেই চাপের মধ্যেই শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত তাঁকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।অসুস্থ বি এল ওর পরিবারের অভিযোগ,এস আই আর সংক্রান্ত অতিরিক্ত কাজ ও লাগাতার চাপের কারণেই তাঁর এই শারীরিক অবনতি।পরিবারের তরফে দ্রুত সুস্থতার পাশাপাশি বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি তুলেছেন।





























