প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ল ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার দেশের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসি থেকে নর্থ ক্যারোলিনা ও ওহিও— একাধিক অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ সংগঠিত হয়। সাম্প্রতিক মিনিয়াপলিসের ঘটনায় এই আন্দোলন নতুন গতি পেয়েছে। সেখানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)–এর অভিযানের সময় গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড। গত ৭ জানুয়ারি তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে গুলি করার অভিযোগ ওঠে আইস এজেন্টদের বিরুদ্ধে, যা ঘিরে দেশজুড়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
বিক্ষোভের কেন্দ্রস্থল ছিল মিনিয়াপলিস। সেখানে ‘নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগানে রাজপথ মুখরিত হয়। ওহিওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ‘আইস সন্ত্রাস বন্ধ করো’ দাবিতে সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন জনমতের তোয়াক্কা না করে অমানবিক উপায়ে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করার চেষ্টা করছে, যা মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এই আন্দোলনের নেপথ্যে ছিল ইনডিভিবল, ৫০৫০১-এর মতো বামপন্থী সংগঠন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল স্তরের সামাজিক সংগঠন। বিশেষ করে টেক্সাসের এল পাসো-সহ বিভিন্ন জায়গায় অভিবাসী ডিটেনশন ক্যাম্পগুলোর মানবেতর পরিস্থিতির বিরুদ্ধে তারা সরব হন। ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে ওইসব ক্যাম্পে অন্তত তিনজন আটক অভিবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে শুরু হওয়া বিক্ষোভ ক্রমে পশ্চিম উপকূলের শহর সান ফ্রান্সিসকো ও সিয়াটল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে সন্ধ্যা পর্যন্ত বড় আকারের সমাবেশের আয়োজন করা হয়। সাম্প্রতিক জনমত জরিপেও দেখা যাচ্ছে, আইস ও অন্যান্য ফেডারেল সংস্থার মাধ্যমে বলপ্রয়োগমূলক অভিবাসন নীতির বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক।
যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষারই অংশ। তবে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ স্পষ্ট করে দিচ্ছে, প্রশাসনের কঠোর অবস্থানের বিরুদ্ধে জনঅসন্তোষ ক্রমেই জোরালো হয়ে উঠছে।



























